টেকনাফে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রোগ্রাম কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আজ সোমবার ২০ এপ্রিল ২০২৬ ইংরেজি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা এস,এম শাহজাহানের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম।
বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শরীফ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমামুল হাফিজ নাদিম বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। তাছাড়া কৃষকদের স্বার্থে সবসময় অগ্রাধিকার দিয়ে তাদের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সভায় হোয়াইক্যংয়ের কৃষকদের সমস্যা নিয়ে অবগত হওয়ার সাথে সাথে ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইউএনও।
পরে টেকনাফ উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।