ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নেত্রকোনায় কৃষক হত্যা

ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাবের অভিযানে চাঞ্চল্য

author
নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ দুপুর ২:০৫
ad003
নেত্রকোনার মদন উপজেলায় কৃষক হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি শহীদুল ইসলামকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চাঞ্চল্যকর এ ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হলো।

র‍্যাব জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১৪ ময়মনসিংহের সদর কোম্পানি এবং র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের যৌথ অভিযানে এই গ্রেপ্তার সম্ভব হয়।

মঙ্গলবার সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার শহীদুল ইসলাম নেত্রকোনার মদন উপজেলার মাঘনা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। নিহত কৃষক বাচ্চু মিয়া (৬৪) একই এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন প্রায়ই বাচ্চু মিয়ার জমিতে গরু ছেড়ে দিতেন। বারবার নিষেধ করেও লাভ হয়নি। ঘটনার দিন—গত ২৬ মার্চ বিকেলে—হাওরের ধানক্ষেতে গরু দিয়ে ফসল নষ্ট করা হচ্ছিল। এতে বাধা দিলে শহীদুল ইসলামসহ কয়েকজন কাঠের মুগুর দিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৮ মার্চ নিহতের ছেলে মো. আলামিন তালুকদার বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শহীদুল ইসলাম ও কুল ইসলামসহ ছয়জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, মামলা দায়েরের পর থেকেই পলাতক আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু হয়। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় শহীদুল ইসলামের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ এর কর্মকর্তা মেজর মীর ইশতিয়াক আমিন বলেন, “গ্রেপ্তার আসামিকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আনতে পুলিশের একটি টিম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে এই মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT