ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে গৃহকর্তাকে জখম করে দুর্ধর্ষ চুরি, অভিযুক্ত পলাতক

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৯
ad003
বরিশালের গৌরনদীতে দিনের বেলায় বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত গৃহকর্তা ছিন্টু তালুকদার (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার কসবা গ্রামের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় গৃহকর্তার স্ত্রী পাশের বাড়িতে গেলে ঘর ফাঁকা পেয়ে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকির বাড়িতে প্রবেশ করে।

এ সময় ছিন্টু তালুকদার বাড়িতে ফিরে এসে তাকে হাতেনাতে ধরে ফেলেন। বাধা দিতে গেলে অভিযুক্ত আরিফ গৃহকর্তার চোখে আঙুল ঢুকিয়ে গুরুতর জখম করে এবং মারধর করে। পরে সে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, আরিফ ফকির এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগও রয়েছে। ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি।

এ ঘটনায় শুক্রবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, চুরির ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT