চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ জাহেদুল ইসলাম (২৪) ও ইউনূছ (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত: জাহেদুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১০ নং ওয়ার্ড বড় বাজার এলাকার মৃত আলম মিস্ত্রির ছেলে ও ইউনূছ কক্সবাজার সদরের ১নং ওয়ার্ড কলাতলী এলাকার ডা. বোরহান উদ্দিনের ছেলে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, 'উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট বসিয়ে ৪ হাজার ১শ' পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।'