ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব মানুষজন

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২১
ad003
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যে তিনটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নেয়। প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও তাদের চোখের সামনে পুড়ে যায় ঘরবাড়ি, আসবাবপত্রসহ জীবনের সব সঞ্চয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আগুনের তীব্রতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তাদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ করে নিঃস্ব হয়ে পড়ায় পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন। একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT