ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনার জেরে নবীনগরে এক ঘুষিতেই প্রাণ গেল হানিফ মিয়ার

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসাকে  কেন্দ্র করে এলেম খাঁ নামে এক যাত্রীর ঘুষিতে হানিফ মিয়া- (৪৫) নামে অপর এক যাত্রী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে উপজেলার মনুবাবুর নৌকা ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া উপজেলার বগডহর গ্রামের মৃত হারিজ মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বরাত দিয়ে  মেহেদি হাসান জানান, উপজেলার মনুবাবুর নৌকা ঘাট থেকে মোঃ হানিফ মিয়া তার স্ত্রীকে নিয়ে আড়িয়ালের দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকায় উঠেন। এ সময় একই ইউনিয়নের মোহল্লা গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁও নৌকার যাত্রী ছিলেন। এলেম খাঁ নৌকায় মহিলাদের বসার স্থানে বসা ছিলেন। মোঃ হানিফ মিয়া এলেম খাঁকে মহিলাদের বসার জায়গা থেকে উঠার কথা বললে প্রথমে তাদের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে এলেম খাঁ হানিফ মিয়ার বুকে সজোরে ঘুষি মারলে হানিফ মিয়া মারাত্মক আহত হন। আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, নৌকায় কথা কাটাকাটির এক পর্যায়ে হানিফ মিয়া মারা গেছে বলে শুনেছি।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কথা কাটাকাটির ঘটনায় একজন অচেতন হয়ে মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT