বরিশালের গৌরনদীতে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরনদীর আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হালিম। পরে অতিথিরা উত্তম কৃষি চর্চা বিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক কৃষিবিদ মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফকরুল আলম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, পার্টনার কংগ্রেস প্রোগ্রামের বরিশাল অঞ্চলের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াসউদ্দিন মিয়া, সহ-সভাপতি এম আলোম, সাংবাদিক সোলায়মান তুহিন ও মোঃ লিটন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে মিঠুন বনিক, নুপুর মজুমদার, রিয়াজ হোসেন সরদার ও আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ। তিনি বলেন, “পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করা হচ্ছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং উদ্যোক্তা তৈরি—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম বাদল।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ ইব্রাহিম বলেন, “কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের প্রযুক্তিনির্ভর ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মামুনুর রহমান বলেন, “পার্টনার প্রকল্প কৃষি খাতে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, বাজারব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হচ্ছে। কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে একটি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বাজার সংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, কৃষক প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন এবং কৃষি উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, বিশ্বব্যাংক ও আইএফএড (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত “পার্টনার” প্রকল্পটি দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ।