ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর আলোচিত স্কুল ছাত্রী হত্যা মামলার রায় ঘোষণা আজ

author
নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৯
ad003
নোয়াখালীর আলোচিত স্কুল ছাত্রী হত্যা মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে আজ (২৯ এপ্রিল বুধবার)।

বুধবার বেলা ১২টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) মো. সেলিম শাহী।

এর আগে গত ১৫ এপ্রিল এ মামলায় রায় ঘোষার তারিখ নির্ধারিত থাকলেও ওইদিন এজলাসে বসেই রায়ের তারিখ পুনর্নির্ধারণ করেন বিচারক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) মো. সেলিম শাহী বলেন, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলা ও হাত, পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে তার মা বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনার দিন সকালে বাসা থেকে বের হয়ে স্কুলে যায় ছাত্রী। পরে ১২টার দিকে প্রাইভেট শেষে সে বাসায় ফিরে একাই ছিল। সন্ধ্যায় তার মা ফিরে ঘরের মূল দরজায় তালা দেখতে পান।

তালা খুলে ভেতরে ঢুকে সামনের কক্ষের আলমারিতে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। অন্য রুমের বিছানায় মেয়ের অর্ধনগ্ন, গলা ও দুই হাতের রগ কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

এ ঘটনার পর পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি ও স্কুলছাত্রীর সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিসহ (৩০) চারজনকে গ্রেপ্তার করে।

পরে নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন রনি। জবানবন্দিতে তিনি বলেন, ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তাতে ব্যর্থ হয়ে এবং বিষয়টি ধামাচাপা দিতে তাকে গলা কেটে হত্যা করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।

মামলাটি তদন্তের পর অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

চাঞ্চল্যকর এ মামলায় বাদী পক্ষের ৪১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হয়। এছাড়া আসামি পক্ষের ৫ জন সাফাই সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন বিচারক।

আলোচিত এ হত্যার বিচার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

এদিকে মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে একমাত্র আসামি আব্দুর রহিম রনিকে জেলা কারাগার থেকে কড়া পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়েছে।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT