খাগড়াছড়ির গুইমারায় কৃষি ও গ্রামীণ রূপান্তরের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহিষ্ণু কৃষি গড়ার লক্ষ্যে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ থেকে দুপুর ২টা পর্যন্ত গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিসকাতুল তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, গুইমারা উপজেলা কৃষির জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে পাহাড় ও সমতলের মেলবন্ধন থাকায় বৈচিত্র্যময় ফসল চাষের সুযোগ রয়েছে। সরকার উদ্ভাবিত উচ্চফলনশীল ও উন্নত জাতের ফসলের বীজ কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যার সুফল ইতিমধ্যে কৃষকরা পেতে শুরু করেছেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পার্টনার (PARTNER) প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি খাতকে বাণিজ্যিকীকরণ করা। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে উন্নত বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতায় সক্ষম হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোলেমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবলু হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আলম, খাদ্য কর্মকর্তা আতাউল গণি এবং প্যানেল চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা।
কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক চাষিরা অংশগ্রহণ করেন। আধুনিক চাষাবাদ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা এবং নিরাপদ ফসল উৎপাদনের ওপর বিস্তারিত আলোচনা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সম্মানীর ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।