দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বিএমএসআরআই)-এর নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এক্সিকিউটিভ কমিটির (ইসি) এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট (বিএমএসআরআই) দেশের চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য এবং আধুনিক মেডিকেল টেকনোলজি নিয়ে কাজ করা একটি অন্যতম বেসরকারি গবেষণা ও শিক্ষামূলক সংস্থা। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানটি বাংলাদেশে উন্নত মানের চিকিৎসা শিক্ষা, দক্ষ জনবল তৈরি এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে বিশেষ অবদান রেখে আসছে।
বিএমএসআরআই অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে চলমান রয়েছে।
বিএমএসআরআই-এর নির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা বিএমএসআরআই-এর অধীনে থাকা কলেজ ও হাসপাতালগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার পরিবেশ সুসংহত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।