ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৃত্যের আবেশে মাতলো চট্টগ্রাম, বিশ্ব নৃত্য দিবসে বর্ণিল আয়োজন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ দুপুর ৩:১৬
ad003
বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ‘নৃত্য উৎসব ২০২৬’। 

সঞ্চারী নৃত্যকলা একাডেমীর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) নগরীর থিয়েটার ইনস্টিটিউট হল-এ অনুষ্ঠিত এই আয়োজনে দেশের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও নৃত্যসংগঠনের শিল্পীরা অংশ নেন।


দুপুর ১টা থেকে শুরু হওয়া উৎসবে শাস্ত্রীয়, লোকজ ও সমসাময়িক নৃত্যের বৈচিত্র্যময় পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত উপস্থাপনায় পুরো মিলনায়তন মুখর হয়ে ওঠে, আর দর্শকরা দীর্ঘ সময় ধরে উপভোগ করেন মনোজ্ঞ এই আয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের প্রধান নির্বাহী পরিচালক ও বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়কারী সাজেদুর রহমান মুনিম এবং এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নৃত্যশিল্পী রোকসানা আখতার রিনি।

সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক স্বপন বড়ুয়া বলেন, বিশ্ব নৃত্য দিবসকে ঘিরে আমাদের এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। শিল্পীদের অংশগ্রহণ এবং দর্শকদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকরাও আয়োজনের প্রশংসা করেন এবং এমন সাংস্কৃতিক উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT