মহান মে দিবস ও আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দল, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক অধিকার পরিষদ, শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লাল পতাকা হাতে নিয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়।
সকালে শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ থেকে থেকে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল লাল বর্ণাঢ্য একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ।
পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমি এখন শ্রমিক এই পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি একজন শ্রমিকের স্ত্রী সে পরিচয়ে আমি গর্ববোধ করি। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি একজন শ্রমিকের ছেলে পরিচয়ে গর্ববোধ করি। এদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যন্ত আমরা সবাই শ্রমিক। আজকে শ্রমিকের মূল্যায়ন করতে হবে। শ্রমিকের সাথে বৈষম্য হয়েছিল বলেই, জুলাই বিপ্লব হয়েছে। আমরা চাই না, এদেশে আরেকটি বিপ্লব হোক। শ্রমিকের ন্যায্য অধিকার পূরণ করতেই হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা কমিউনিস্ট পার্টি সমাবেশের আয়োজন করে। জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোঃ জামাল, বর্তমান সভাপতি কমরেড সাজিদুল ইসলামসহ দলের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্ম পরিবেশ তৈরি এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশের হামলায় হতাহতের ঘটনার প্রতিবাদ ও শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানান। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার পাশাপাশি তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেয়ার আহবান জানান। পাশাপাশি আমেরিকার সাথে দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান।