বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শুক্রবার গৌরনদী মডেল থানাধীন বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকার মাইনুল ঘরামীর বাড়ি থেকে আসামি সাইফুল তালুকদারকে (৫৭) গ্রেফতার করা হয়। তিনি কটকস্থল গ্রামের মৃত সিরাজুল তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুল তালুকদারের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।