চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মোঃ আরমান (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল উদ্দিন (৪৪) ও হেলাল উদ্দিন (১৯) নামে আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার সময় উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় একটি ভাঙ্গাড়ি দোকানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আরমান নিহত হয় । নিহত আরমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সাউদেরখিল এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বড় কুমিরা রাজাপুর এলাকার বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারির দোকানে লোহা কাটার কাজে ব্যবহারের জন্য ভ্যানগাড়ি করে অক্সিজেন সিলিন্ডার আনার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আরমানের মৃত্যু হয়। এসময় দোকানে থাকা দুইজনকে ঘুরতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতার কারণে এ বিস্ফোরণ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।