পিরোজপুর জেলার কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলায় বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শতভাগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও পঙ্গু ভাতাসহ সকল ধরনের সরকারি সুবিধা জনগণের মাঝে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবায় নিয়োজিত কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বা জনপ্রতিনিধি যদি এসব ভাতার বিনিময়ে টাকা, ঘুষ বা উৎকোচ দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
এক্ষেত্রে অভিযোগ জানানোর জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান।