ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে হই হই পানিতে ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ৫ মে, ২০২৬ সকাল ১০:৪৭
ad003
কিছুদিন আগেও বরিশালের গৌরনদী উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে সোনালী ইরি ধানের ঢেউয়ে ভরপুর ছিল কৃষকের স্বপ্ন ও আশার আলো। হেলে-দুলে থাকা ধানের শীষ যেন সুখের বার্তা দিচ্ছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় সেই স্বপ্ন এখন পানির নিচে তলিয়ে গেছে।

অবিরাম বৃষ্টিপাতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়ে পড়েছে। পাকা ধান কাটার আগেই জমিতে পানি জমে থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। অনেক এলাকায় শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান কাটা যাচ্ছে না, আবার কোথাও কাটা ধান শুকানোর মতো পর্যাপ্ত জায়গারও অভাব দেখা দিয়েছে।

পরিস্থিতি সামাল দিতে অনেক কৃষক বাধ্য হয়ে বাড়ির উঠান না থাকায় কিংবা মাঠ পানিতে ডুবে যাওয়ায় সড়কের ওপর ধান মাড়াই করছেন। কিন্তু তাতেও স্বস্তি নেই। যে কোনো সময় আবার বৃষ্টিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। ইতোমধ্যে পানিতে ডুবে থাকা অনেক ধানে পচন ধরতে শুরু করেছে, ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম হুমকির মুখে।

উপজেলার বার্থী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পরিস্থিতিতে তারা দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে ফসলহানির আশঙ্কা—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

কৃষকরা বলছেন, “আল্লাহ যে রিজিক দিয়েছেন, সেটাই আজ চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ক্ষতি কিভাবে সামাল দেব, সেটাই বুঝতে পারছি না।”
এ অবস্থায় কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা পেলে ক্ষতি কিছুটা হলেও কমানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

একসময় যে মাঠজুড়ে ছিল সোনালী স্বপ্নের ঝংকার, সেখানে এখন নেমে এসেছে নিস্তব্ধতা। গৌরনদীর কৃষকের চোখে আজ শুধু অনিশ্চয়তা—আর সেই অনিশ্চয়তার মাঝেই প্রতিধ্বনিত হচ্ছে তাদের দীর্ঘশ্বাস।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT