ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে হাফিজিয়া মাদ্রাসায় শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে শিক্ষক আটক

author
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৫ মে, ২০২৬ দুপুর ১২:৪৪
ad003
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের (ধর্ষণ) অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। 

এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় ঘটে। অভিযোগ রয়েছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাদ্রাসার শিক্ষক হাফেজ সফিকুল ইসলাম জিসান নিজ কক্ষে ডেকে নিয়ে ওই শিশুর সঙ্গে জোরপূর্বক অনৈতিক আচরণ করেন।

মঙ্গলবার সকালে শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

ঘটনার পর ভেঙে পড়েছেন শিশুটির পরিবার। তারা জানান, সন্তানের নিরাপদ শিক্ষার আশায় মাদ্রাসায় পাঠালেও এমন ঘটনার মুখোমুখি হতে হবে—তা কখনো ভাবেননি। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার প্রতিবাদে মাদ্রাসা সংলগ্ন এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় তারা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। 

জানা গেছে, গত ২৮ এপ্রিল তিনি হিফজ বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, অভিযুক্ত শিক্ষকের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাজলকাঠি গ্রামে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT