কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের কুমিল্লা ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞা।
তিনি জানান, বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এর মধ্যে দুটি পোটলায় ৪ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি গাঁজা ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইকবাল হোসেন (৪০) ও মো. কাইয়ুম (৩১)। তাঁরা বাসের ৩ ও ৪ নম্বর আসনে বসা অবস্থায় ছিলেন। তাঁদের দখল থেকেই গাঁজাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া একই দিনে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)–এর নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় একজনকে মাদক সেবন করে জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।