ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু সুরক্ষায় এএসডি-র প্যারেন্টস গ্যাদারিং অনুষ্ঠিত

author
টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত : ৭ মে, ২০২৬ সকাল ১১:৩৯
ad003
উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপম্যান্ট (এএসডি)-র উদ্যোগে ডিয়াকনি কাটেস্ট্রোফেন হিলপে (ডিকেএইচ) এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক প্যারেন্টস গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে। 

শিশু অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে শিশু শ্রম, শিশু পাচার, বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, যৌন শোষণ-নির্যাতন ও অনলাইন ঝুঁকি সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে এ সংস্থাটি কাজ করে যাচ্ছে। বস্তুত, সভাটি আজ ৭ই মে, ২০২৬ ইং সকাল ১০ টায় সাবরাং ইউনিয়নের আশ্রয়ন গ্রামে অনুষ্ঠিত হয়। 

এএসডি'র প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ্দিন আহমেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মোঃ ছিদ্দিকুর রহমান, সাবরাং কোয়াংছড়ি পাড়া কমিউনিটি ক্লিনিকের সি এইচ সি পি আবদুর রহমান, টেকনাফের একমাত্র সম্প্রচার গণমাধ্যম কমিউনিটি রেডিও নাফ ৯৯.২ এফএম এর সিনিয়র বার্তা সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, ওয়ার্ল্ড রিনিও (সাথী)-র বাবু মিল্টন, পালস বাংলাদেশ সোসাইটির বিউটি বড়ুয়া সহ বিভিন্ন এনজিও কর্মীবৃন্দ।

বাৎসরিক এ সভার মাধমে বিভিন্ন সামাজিক নেতিবাচক  ইস্যুতে উপস্থিত অভিভাবকদলের সদস্যদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেয়া হয়। শিশু/কিশোর-কিশোরীর উন্নয়নে শিক্ষা ও সামাজিক সচেতনতার গুরুত্ব অপরিসীম। কিশোর-কিশোরীর নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে অভিভাবকদের অবশ্যই আরও বেশি তৎপর হতে হবে। এএসডি'র উপস্থাপনায় পরিলক্ষিত হয় যে সমাজের অধিকাংশ শিশুরা বিভিন্ন ঝুঁকিতে রয়েছে যা মানবাধিকার পরিপন্থী। শিশুর প্রতি অবহেলা ও তাদের শারীরিক ও মানসিক বিকাশের পথে নানাবিধ প্রতিবন্ধকতা পরিলক্ষিত হচ্ছে। এছাড়াও সমাজে নারী ও কন্যা শিশুর প্রতি বৈষম্য, সহিংসতা, যৌন শোষণ, যৌন নির্যাতন এবং যৌন নিপীড়নের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অনলাইন কিংবা সামাজিক  যোগাযোগ মাধ্যম বা ব্যবহারের ঝুঁকিও অনেকাংশেই হুমকিস্বরুপ। সমাজ থেকে শিশুদের প্রতি বৈষম্য দূরীভূত না হলে উন্নয়নের নীতি ও গতি ব্যাহত হবে। সকল নেতিবাচক ইস্যুতে উন্নয়ন সংস্থা হিসেবে "এএসডি"  শিশু, কিশোর-কিশোরীর  অধিকার প্রতিষ্ঠায় ব্যাপকভাবে সাড়া জাগানোর লক্ষ্যে উক্ত অভিভাবক সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও জেন্ডার বৈষম্য দুরীকরণ, কন্যাশিশুর প্রতি বিশেষ যত্ন গ্রহণ, শিশু শ্রম নিরসন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ ও নারী নির্যাতন বন্ধকরণে এএসডি'র নানামুখী উদ্যোগ রয়েছে। 

সভায় উপস্থিত সকলেই নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত উদ্যোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।  আলোচনায় কর্ম এলাকার বিভিন্ন সমস্যা বা ঝুঁকি  চিহ্নিতকরণ, শিশু সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা রোধ এবং যৌন শোষণ ও নির্যাতন ইত্যাদি ইস্যুগুলোকে প্রাধান্য দিতে বলা হয়। এ ধরণের সভা পরবর্তীতে কার্যকর কর্ম পরিকল্পনা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্থবায়ন প্রক্রিয়ায় অন্যান্য সংস্থার সাথে একত্রিত হয়ে কাজ করার শপথ নিতে হবে। সকল নেতিবাচক বিষয়ে কমিউনিটির সচেতনতামূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম। ইয়ুথ ফোরামের সদস্য, এনজিও প্রতিনিধিবৃন্দ, সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ এতদ সংক্রান্ত ইস্যুতে মূল্যবান মতামত প্রদান করেন। 

প্রধান অতিথি বলেন যে শুধু সভায় আলোচনা করলেই হবেনা বরং করণীয় কাজগুলোকে একটি কার্যকর পরিকল্পনায় দাড় করাতে হবে। সামাজিক সচেতনতা আনয়ন, জীবন ও দক্ষতা বৃদ্ধি, ঝরে-পড়া শিশুর শিক্ষার উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে।  বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ, শিশুর শোষণ ও নির্যাতন বন্ধকরণ ও শিশুশ্রম নির্মূলে ইয়ুথ ফোরামকে সম্পৃক্ত করে সুষ্ঠ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে হবে। সর্বোপরি শিশু, কিশোর- কিশোরীর উন্নয়ন তথা শিশু অধিকার নিশ্চিত করনে উন্নয়ন সংস্থা "এএসডি" অবহেলিত এ এলাকায় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথিবৃন্দ টেকসই উন্নয়নের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত বাড়ী পরিদর্শন, উঠান বৈঠক, প্যারেন্টস ও কেয়ার গিভারস্ গ্রুপ ও শিশু সুরক্ষা কমিটির নের্তৃত্বকে সামনে এনে মূল্যবান মতামত প্রদান করেছেন। 

এএসডি মূলতঃ ইয়ুথ ফোরামকে শক্তিশালী করে কিশোর - কিশোরীর অধিকার প্রতিষ্ঠায় টেকনাফে কাজ করে যাচ্ছে। শিশু সুরক্ষার জন্য শিশু অধিকার বিষয়সমূহে গুরুত্ব প্রদান করতে হবে। যেখানে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা, যৌন শোষণ ও নির্যাতনকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। সর্বোপরি কিশোর - কিশোরীর অনাগত ভবিষ্যতের অগ্রগতি সাধনে ইতিবাচক প্যারেন্টিংয়ের বিকল্প নেই। তাই সকল অভিভাবককে পরিবার ও সমাজের কিশোর- কিশোরীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT