কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সাক্ষরতার দ্বার উন্মোচনে প্রজেক্ট মডেল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে উখিয়া উপজেলা স্যাটেলাইট সেন্টারে এ কর্মশালার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এপি অফিসের কো-অর্ডিনেটর সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিকের সভাপতিত্বে এ কর্মশালায় প্রোগ্রাম অফিসার ক্রিস্টাপার কুইয়া এবং রাজাপালং, জালিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সুবিধাবঞ্চিত অনগ্রসর এলাকার শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শিশুদের শেখার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে আনলক লিটারেসি (UL) প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে শিশুদের প্রাথমিক শিক্ষা উন্নয়ন, পাঠদানে আধুনিক পদ্ধতির ব্যবহার, শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, আনন্দময় শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজক সংস্থা ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার রোনাল প্রবীর চিশির জানান, আনলক লিটারেসি (UL) কার্যক্রম শিশুদের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই কার্যক্রমের মাধ্যমে ঝরে পড়া ও পিছিয়ে পড়া শিশুরা পুনরায় শিক্ষার সুযোগ পাচ্ছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের জন্য আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে উঠবে।
পরে বিশেষ চাহিদা সম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।