ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব কৃষি ও হাইব্রিড ধান নিয়ে লাকসামে ব্র্যাকের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ১১ মে, ২০২৬ সকাল ১০:৩৩
ad003
কুমিল্লার লাকসাম উপজেলায় আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মে ) উপজেলার গ্রীণ ভিউ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ।

কর্মশালায় হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির কৌশল ছাড়াও কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বায়ো পেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি কমে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন আহম্মদ, সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) মনজুর মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. রাসেল আলী, মনিটরিং অফিসার মো. রানা বাবু এবং লাকসাম উপজেলার ডিলার মো. মোজাম্মেল হক খোকন।

দিনব্যাপী এ কর্মশালায় লাকসাম ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৬৬ জন মডেল কৃষক ও রিটেইলার অংশ নেন। অংশগ্রহণকারীরা হাইব্রিড ধান ও বায়ো পেস্টিসাইডের ব্যবহার, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষকেরা পরিবেশবান্ধব কৃষিচর্চায় আরও উৎসাহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT