ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

author
স্টাফ রিপোর্টার, নোয়াখালী

প্রকাশিত : ১২ মে, ২০২৬ সকাল ১০:৩৯
ad003
আজ মঙ্গলবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস এবং আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৬তম জন্মদিন।

১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণকারী এই মহীয়সী নারীর জন্মদিন উপলক্ষেই প্রতি বছর এইদিনে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ-জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এ প্রতিপাদ্যে নোয়াখালীতে মঙ্গলবার নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬।

এ উপলক্ষ্যে সকাল ৯টায় বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাজে একজন নার্সকে উপস্থাপন করা হয়, যা সবার দৃষ্টি আকর্ষণ করে।

পরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, ওজিএসবি, নোয়াখালী শাখার সভাপতি ডাঃ মোঃ মাসম আকতার, ম্যাটস্ নোয়াখালীর অধ্যক্ষ ডাঃ শায়লা সুলতানা ঝুমা, ড্যাব নোয়াখালরি সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন তালুকদার, সার্জন এসোসিয়েশন, নোয়াখালীর সাধারণ সম্পাদক ডাঃ কামরুজ্জামান, নার্সিং তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ফারজানা বেগম। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক নার্গিস আক্তার। সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, নোয়াখালী শাখার সভাপতি আবদুল্লাহ ফারুক।

বক্তাগণ আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের পথ অনুসরণ করে নার্সদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার পাশাপাশি এ পেশার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান।

এর আগে সকাল ৮টায় নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে পৃথক একটি শোভাযাত্রা বের করেন।

কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জেলা শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে পৌঁছে শেষ হয়। শোভাযাত্রায় আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সাজে অংশগ্রহণ করেন একজন ছাত্রী। শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ লায়লা জাহানসহ কলেজের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা নোয়াখালী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ঝুঁকিপূর্ণ ভবন, কক্ষ সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT