ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি ক্ষমতায় গেলে মাদক প্রতিরোধে সীমান্তে খাল খনন করবে: নাসির উদ্দিন পাটোয়ারী

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১২ মে, ২০২৬ দুপুর ১২:২২
ad003
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেবে, যাতে মাদক পাচার রোধ করা যায়।

তিনি মঙ্গলবার দুপুরে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কলেজ ছাত্র মোঃ মোরসালিনের কবর জিয়ারত শেষে একথা বলেন।

এসময় নাসির উদ্দিন পাটোয়ারী আরো বলেন, সীমান্ত হত্যা যদি আরো বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে

তিনি অভিযোগ করে বলেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের উপর পড়ছে।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বাংলাদেশে  এতো ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে, এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীকে চুড়ি পরে বসে থাকতে হবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কিছুদিন আগে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এখানকার এক সাংবাদিক খুন হয়েছেন এবং বর্তমানে সাংবাদিকরাও নিরাপদ নন। তিনি বলেন, নাগরিক নিরাপদ না, সাংবাদিক নিরাপদ না তাহলে মানুষ কোথায় নিরাপদ?

সীমান্তে আসার সময় নিজের চলাচলে বাঁধা দেয়ার অভিযোগ তুলে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাঁধার মুখে পড়তে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।

পরে এনসিপির প্রতিনিধিদল নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT