বরিশালের গৌরনদীতে পল্লী বিদ্যুতের সদ্য যোগদানকৃত ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জুলফিকার, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ-সভাপতি এম. আলম এবং গীতা পাঠ করেন উত্তম দাস।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস. এম.মোশাররফ হোসেন, মোঃ মোস্তফা হাওলাদার, সোলায়মান তুহিন, মোঃ লিটন খান, এ.এস. মামুন, মোঃ রাশেদসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান বলেন, “গৌরনদী পল্লী বিদ্যুতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরা হলে দ্রুত সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সেবার মানোন্নয়ন ও হয়রানি কমাতে গণমাধ্যম সবসময় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। নতুন ডিজিএম দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে বিদ্যুৎ সেবার আরও উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। জনগণের স্বার্থে বিদ্যুৎ বিভাগের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধিতে সাংবাদিকরা গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।”
সভায় বিদ্যুৎ সেবার মান উন্নয়ন, গ্রাহক ভোগান্তি নিরসন এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।