ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মানছুরুল হক মনা সভাপতি ও রিপন কুমার সূত্রধর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
আয়কর আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯ জন। নির্বাচনে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধরের প্যানেলে ৯জন এবং মোঃ মোস্তাকিম মিয়া-শামসুল আরেফিন মুবিনের প্যানেলের ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোস্তাকিম মিয়া পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে রিপন কুমার সূত্রধর ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শামসুল আরেফিন মুবিন পেয়েছেন ২৬ ভোট।
নির্বাচনে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে মোঃ মনজুরুল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক, সপু চন্দ্র দাস কোষাধ্যক্ষ, সদস্য পদে বাহাউদ্দিন মাহমুদ পলাশ, মোঃ আরিফুল ইসলাম ও সমর সিংহ নির্বাচিত হন। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচনে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মহিতোষ রায় এবং সহ-সভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ এর ভোটগ্রহনে নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী ইউসুফ কবীর ফারুক। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আক্কাস আলী ও মোশারফ হোসেন চৌধুরী। নির্বাচনে পোলিং এজেন্ট ছিলেন আইনজীবী সামসুল আরেফিন, শ্যামল চন্দ্র দাস ও মোঃ মাহমুদুল করিম মজুমদার।