দেশে পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম তৈরির লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গত ১৪ই মে (বৃহস্পতিবার) রংপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো “পাবলিক স্পিকিং চ্যাম্পিয়নশীপ ২০২৬”। আয়োজনে ছিলো জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান English Earth, আর স্ট্র্যাটেজিক কোলাবোরেশনে ছিলো Public Speaking Official।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর-৩ (রংপুর সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের কৃতি সন্তান, সর্বোচ্চ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ তানবীর হোসেন আশরাফি।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের স্বনামধন্য ইংরেজি প্রশিক্ষক ও “Chief Advisor of LIAB” মোঃ আলমগীর কবির এবং Public Speaking Official ও Public Speaking Olympiad 2026 এর প্রতিষ্ঠাতা মোঃ সোলায়মান আহমেদ জীসান।
পুরো আয়োজনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুরের জনপ্রিয় ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান English Earth এর প্রতিষ্ঠাতা এবং Public Speaking Olympiad 2025 বিজয়ী আরোহী আয়শা সালমা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে সিলেকশন রাউন্ডে মোট ৭০ জন প্রতিযোগী নির্বাচিত হন। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি/সমমান পর্যন্ত ক্যাটাগরিতে ছিলেন ৪০ জন এবং শিশুশ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ক্যাটাগরিতে ছিলেন ৩০ জন। দুইটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নির্বাচিত হয় দুইজন চ্যাম্পিয়ন, দুইজন প্রথম রানার-আপ এবং দুইজন দ্বিতীয় রানার-আপ। এছাড়াও দুই ক্যাটাগরিতে মোট ১৪ জন প্রতিযোগীকে বিশেষ সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় যারা সেরা ১০ এ স্থান অর্জন করেছেন, তারা অংশগ্রহণের সুযোগ পাবেন বহুল প্রতীক্ষিত Public Speaking Olympiad 2026 এ।
নতুন প্রজন্মের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।