ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার (১৫ মে) তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
বেলা ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
দায়িত্ব গ্রহণের পর তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি একটি সুস্পষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে সেই মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে।
তিনি আরো বলেন, আমি চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।
এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।