নেত্রকোণার মদনে ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমপি বাবর বলেন, “অপরাধীর কোনো রাজনৈতিক কিংবা আত্মীয় পরিচয় থাকতে পারে না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। তাই কোনো ধরনের প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “সরকারি খাদ্যসামগ্রী নিয়ে অনিয়ম বা পাচারের মতো ঘটনা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। যারা এ ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
আজ শনিবার এমপি বাবরের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দ করা চালের পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
এ ঘটনায় শুক্রবার সকালে মদন থানায় মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দুলাল মিয়া। মামলায় ট্রাকচালক শামীম মিয়া, হেলপার শাহীন মিয়া এবং স্থানীয় ব্যবসায়ী এনামুল হক আনারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সরকারি খাদ্যসামগ্রী পাচারের সঙ্গে জড়িত মূল হোতাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
এদিকে পুরো ঘটনা তদন্তে খাদ্য অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।