সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট সহ তিনটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিনব্যাপী পরিচালিত বাংলাদেশ কোস্টগার্ড শাহপরীরদ্বীপ আউটপোস্ট ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে এসব বোট, সিমেন্ট ও পাচারকারীদেরকে আটক করা হয়।
টেকনাফের শাহপরীরদ্বীপ কোস্টগার্ডের লেঃ মোঃ মুত্তাকীন সিদ্দিকী, (এক্স), বিএন আজ সংবাদ সম্মেলনে জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফিশিং ট্রলারে থাকা মোট ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ৩৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে চট্টগ্রামে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৬ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ২৪০০ বস্তা সিমেন্ট সংগ্রহ করে অবৈধভাবে মায়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দ করা সিমেন্ট, ব্যবহৃত তিনটি ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে সিমেন্ট বোঝাই তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।