ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসন সহ কুমিল্লা জেলার ৫টি আসনের দায়িত্ব প্রদান করেছেন আমাকে। এই ১১টি সংসদীয় আসনের প্রতিটিতেই উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে সমাজের অবহেলিত নারী ও শিশুদের উন্নয়নে কাজ করব।
আজ রোববার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, দায়িত্ব কিংবা পদ পদবীর ক্ষমতা এটা মানুষ যখন পেয়ে বসে তখন তাকে আকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন আকড়ে ধরে রাখতে চায় তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্ব থাকে না। তাই ক্ষমতার মোহ নয় বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকার অঙ্গীকার ব্যক্ত করি। সরকার আমার প্রতি যে আস্থা রেখেছেন তা পালনে সকলের দোয়া প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় ৩৬ জন এমপির সাথে মিটিং করবেন। এজন্য আজকে ব্রাহ্মণবাড়িয়া এসেছি। বাবার কবর জিয়ারত করব। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, কার্যকরি কমিটির নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।
রোববার সকালে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের বাসায় গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।
সেখান থেকে তিনি শহরের ফারুকি পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা জানান ও ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, নাদিয়া পাঠান পাপন এমপির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামে।