ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জবিতে জকসুর মেডিক্যাল ক্যাম্প: রাত ১০টা পর্যন্ত সেবা নিলেন ৩ হাজার শিক্ষার্থী

author
মিজান উদ্দিন মাসুদ, জবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭ মে, ২০২৬ বিকেল ৫:৫৫
ad003
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও শহিদ মিনার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩ হাজারাধিক শিক্ষার্থী বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

জকসু সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ ক্যাম্পে মোট ২১টি বুথ স্থাপন করা হয়। মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, চর্মরোগ, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, অর্থোপেডিক্স, চক্ষু, হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ এবং মনোরোগ, এই ১১টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। ক্যাম্পে প্রায় ৩০ জন চিকিৎসক অংশ নেন, যাদের মধ্যে কয়েকজন অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদমর্যাদার চিকিৎসকও ছিলেন।

মেডিক্যাল ক্যাম্পে শিক্ষার্থীদের জন্য ১০ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা চালু ছিল। পোর্টেবল ইসিজি মেশিনসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় প্রাথমিক ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

দিনব্যাপী ক্যাম্পে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও অনেক শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিয়ন বলেন, “বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পেরেছি, যা সাধারণত অনেক ব্যয়বহুল। পুরো আয়োজন খুব সুন্দর ও সুশৃঙ্খল ছিল।”

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, “শুধু চিকিৎসা নয়, পুরো ক্যাম্পের পরিবেশটাই ছিল দারুণ। সবাই আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ নিয়মিত হলে অনেক উপকার হবে।”

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়েই আমরা এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, রাত ১০টায় মেডিক্যাল ক্যাম্পের যাবতীয় কার্যক্রম শেষ হয়। দিনব্যাপী এ আয়োজনে ৩ হাজারাধিক শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT