মাদারীপুরের কালকিনি উপজেলায় ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে সবুজ তালুকদার নামে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (১৭ মে) বিকালে পৌর সভা দক্ষিণ গোপালপুর আলাউদ্দিন ক্লিনিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, সবুজ তালুকদার দীর্ঘদিন ধরে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণামূলক কোনো কার্যক্রম বরদাশত করা হবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।