ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিক-আপের ধাক্কা, নিহত ২

author
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৬:২১
ad003
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ওপর গাছভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। 

সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আতাদি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাছবাহী ট্রাকের চালক মো. শামিম (৩০) তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে।

অপর নিহত ব্যক্তি ট্রাকের হেলপার, যার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাক আতাদি ফ্লাইওভারের ওপর ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবাহী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভোরে আতাদি ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মাছবাহী ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের পরিচয় শনাক্ত করা গেলেও হেলপারের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুটি ট্রাক জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত তিন দিনে একই এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT