ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ওয়াকফকৃত মসজিদের জমিকে ‘সরকারি খাল’ দেখানোর অভিযোগ

author
চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৬:২২
ad003
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমিকে ‘সরকারি খাল’ হিসেবে চিহ্নিত করার চেষ্টার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ভূমি বিভাগের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, ওয়াকফ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন মহলের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভাধীন ২১৩ মকিমাবাদ মৌজায় অবস্থিত হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ওয়াকফকৃত জমির সিএস দাগ নম্বর ৯২৫ এবং বিএস দাগ নম্বর ২০৩৯। প্রায় .৬৬ একর আয়তনের এ জমি ১৯৬০ সালে ক্রয় করে ওয়াকফ করা হয়। কিন্তু বর্তমানে সংশ্লিষ্ট একটি মহল ওই জমিকে সরকারি খাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, প্রকৃতপক্ষে সরকারি খাল হিসেবে নকশায় ডিমার্কেশন করা জমির সিএস দাগ ৯০৩ এবং বিএস দাগ ২১৬৪। অথচ এই পৃথক দাগের জমির সঙ্গে মসজিদের ওয়াকফ সম্পত্তিকে গুলিয়ে ফেলে ভুলভাবে সরকারি খালের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এতে মসজিদ কর্তৃপক্ষ মারাত্মক হয়রানি ও অনিশ্চয়তার মুখে পড়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—একটি শতবর্ষী ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধ ওয়াকফ সম্পত্তি কীভাবে সরকারি খাল হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে? সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের দায়িত্বহীনতা ও নথি যাচাইয়ে অবহেলার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী ও আইনবিদ প্রিন্স শাকিল আহমেদ বলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের অধীনে সরকারি কোনো ভূমি দখল বা স্থাপনা নেই। এ সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে মামলা হলে রায় মসজিদ কমপ্লেক্স তথা আহমাদ আলী পাটওয়ারী (রহ.) এস্টেটের পক্ষেই এসেছে।

তিনি আরও বলেন, এটি একটি ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান। এর স্বার্থ রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ ও সর্বসাধারণের সহযোগিতা প্রয়োজন।

এদিকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত দাগ ও নকশা যাচাইয়ের মাধ্যমে বিভ্রান্তি দূর করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অন্যথায় একটি ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে নতুন করে জটিলতা ও জনমনে ক্ষোভ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT