ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে নারীদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্রঋণ বিতরণ

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৯:৪৫
ad003
বরিশালের গৌরনদীতে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে “আত্মকর্মসংস্থানে উন্নয়ন ও নারীদের সহায়তায় ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬” আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত ৪৫ জন নারীর মাঝে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

গৌরনদী জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতাও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও বলেন, ক্ষুদ্রঋণভিত্তিক এ ধরনের সহায়তা নারীদের ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু পালন, কৃষিভিত্তিক উদ্যোগ ও বিভিন্ন উৎপাদনমুখী কাজে উৎসাহিত করবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তারা আত্মমর্যাদার সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগী নারীদের হাতে ক্ষুদ্রঋণের চেক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT