“মাদকমুক্ত মুন্সীগঞ্জ” গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে
আজ সোমবার (১৮ মে) প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা পর্যায়ের বিভিন্ন অংশীজন, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের সামনে মাদকের ভয়াবহ কুফল, এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকে ব্যাহত করে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকে আসক্ত হলে তাদের শিক্ষাজীবন, নৈতিক মূল্যবোধ, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বক্তারা শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন থেকে নিজেদের পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত মুন্সীগঞ্জ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, একই সময়ে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলাতেও মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।