কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানার একটি চৌকস টিম মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছা. নাজমিন আক্তার (২২) নামের এক নারীকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম জানান, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে এক নারী মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার সব থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।