ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদীতে তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

author
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৮:১৫
ad003
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে শুরু হয়েছে তিন  দিনব্যাপী ভূমিসেবা মেলা। 

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।  পরে বণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম এ মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মো: সজিব মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাহাঙ্গীর বাদশা, উপজেলা সাব রেজিস্টার  গোবিন্দ সাহা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, শুকুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গনি ফরাজিসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিসেবা মেলা পালিত হচ্ছে। ভূমিসেবার উন্নয়নে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বসহ কাজ করছে সরকার। এরই মধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, নাগরিকদের অনলাইনে ফি লেনদেন, হটলাইন নম্বরে সেবা, ই-রেজিস্ট্রেশন ও ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের  আন্তঃসংযোগ, ডিজিটালাইজড ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু ও ভূমি আইনের সংস্কার করা হয়েছে।

পরে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT