ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ভূমিসেবা মেলার উদ্বোধন

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ৯:৫২
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে নামজারি, জমা খারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবাসংক্রান্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ( ১৯ মে ) সকাল ১১টায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই স্লোগান ধারণ করে  সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ২০২৬ সালের ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী। এ সময় তিনি পাঠ্যবইয়ে ভূমিসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার কথা জানান, যাতে সাধারণ মানুষ ছোটবেলা থেকেই ভূমি আইন, মালিকানা ও অধিকার সম্পর্কে সচেতন হতে পারে।

একই সঙ্গে ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তাদের সমস্যাগুলো সহজভাবে বুঝিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি, যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। এছাড়া সীতাকুণ্ডে কোনো শিল্পকারখানা যেন অবৈধভাবে কারও জমি দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর ও সদস্যসচিব মো. মোরসালিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সেবাগ্রহীতারা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT