“সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা” শীর্ষক এ মেলার আয়োজন করেছে উপজেলা ভূমি অফিস। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ আয়োজন।
এর আগে ভার্চুয়ালি ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় মোহনগঞ্জেও এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকারের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ জনগণের সামনে তুলে ধরা হচ্ছে এ মেলায়। নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা পাচ্ছেন সাধারণ মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তিও অনেকাংশে কমে এসেছে। ভূমি মেলার মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই অনলাইনে বিভিন্ন ভূমিসেবা গ্রহণের বিষয়ে সচেতন হচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব, সাংবাদিক শ্যামল চৌধুরী, সাইফুল আরিফ জুয়েল, আজহারুল ইসলাম, হাসান খান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ভূমিসেবা নিতে আসা সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।