ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
লালপুরের আজিমনগর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ

এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ সকাল ১১:৩৮
ad003
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্তে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, আজিমনগর স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে ঢাকা ও উত্তরাঞ্চলের সঙ্গে যাতায়াতে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হতো সাধারণ মানুষকে। তৎকালীন সময়ে সেই বিবেচনা করে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বাবা মরহুম ফজলুর রহমান পটল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থাকা অবস্থায় লালমনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ব্যবস্থা করেন। তারপরেও এলাকাবাসী দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্তে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল। পাশাপাশি ভবিষ্যতে আজিমনগর স্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার দাবি জানান তারা।

এলাকাবাসী এ অর্জনের জন্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের ফলেই আজিমনগর স্টেশনে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত হয়েছে।

আজিমনগর বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এই স্টপেজ চালুর ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হবে। আমরা প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রতি কৃতজ্ঞ।”

এদিকে স্টপেজ চালুর খবরে আজিমনগর স্টেশন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং অনেকে আনন্দ প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, ভবিষ্যতে আরও আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালু হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT