ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান চলাচল শুরু : মির্জা ফখরুল

author
ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ১২:৫৮
ad003
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দরে বিমান চলাচল শুরু হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই লক্ষ্য বাস্তবায়নে দ্রুত কাজ এগিয়ে চলছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বিমানবন্দরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁও ও বগুড়া বিমানবন্দর প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের 'গ্রিন পেইজে' অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই দুই বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও সফরে এসে বিমানবন্দর চালুর ঘোষণা দিয়েছিলেন এবং বিমানমন্ত্রীও একই আশ্বাস দিয়েছেন। তাই জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু গোষ্ঠী ও রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই সনদ তৈরিতে তারাই নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং উদারপন্থী গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় দলটি।

মির্জা ফখরুল আরও বলেন, 'আমরা একটি রেইনবো স্টেটের মতো দেশ গড়ে তুলতে চাই, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কথা দিয়ে গেছেন। তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে। আগামী দুই বছরের মধ্যে এ বিমানবন্দর চালু হবে এমন আশা ব্যক্ত করেন তিনি। 

এসময় মুহূর্মুহূ করতালির মধ্যে সরকার ঘোষিত  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রথম ভাইস চ্যান্সেলর বরেণ্য শিক্ষক,গবেষক, নাট্যজন ও শিক্ষাবিদ অধ্যাপক, ড. ইস্রাফীল শাহীন কে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। 

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা,  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল সালাম, ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT