“মিস ইউ অল, ক্ষমা করে দিও মা” এমন একটি চিরকুটে হৃদয় বিদারক বার্তা লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে নিহতের নাম সুনীল রবি দাস বলে জানা গেছে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক রেললাইন ধরে অন্যান্য পথচারীদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে প্রথমে তিনি লাইন থেকে নিচে নেমে যান। পরে হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, "ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।