জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকে, তবে দেশের সাধারণ জনগণ একদিন সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে।
বুধবার (২০ মে) রাতে কুমিল্লার নাঙ্গলকোটের হাসান মেমোরিয়াল সরকারি কলেজ গেট এলাকায় এনসিপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
পথযাত্রায় সাম্প্রতিক সময়ে ধর্ষণের শিকার সাত বছরের শিশু রামিসার প্রসঙ্গ টেনে সরকারের কঠোর সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই আন্দোলন জাতি এজন্য করেনি যে, আজ সাত বছরের একটি শিশুকে ধর্ষণের শিকার হতে হবে। বিচার না পাওয়ার আশঙ্কায় যদি একটি শিশুর পরিবার হতাশ হয়ে পড়ে, তবে তা পুরো রাষ্ট্রের জন্য চরম লজ্জার বিষয়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ সেই অসহায় শিশুর বাবা বুঝে গেছেন যে, তিনি বিচার পাবেন না। সাধারণ মানুষ আজ সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ কেবল ক্ষমতার পরিবর্তন চায়নি, মানুষ অপরাধের অবসান ও সঠিক ন্যায়বিচার চায়।
সরকারের বিভিন্ন কার্ড ব্যবস্থার সমালোচনা করে এই এনসিপি নেতা আরও বলেন, সরকার জনগণকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেট্রোল কার্ডসহ নানা ধরনের কার্ড দিয়েছে। কিন্তু এখন জনগণের সবচেয়ে বড় দাবি হলো 'জাস্টিস কার্ড'। এমন একটি বিচারিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ দ্রুত ও নিশ্চিত ন্যায়বিচার পাবে।