খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে যুবদলের সক্রিয় কর্মী মোঃ মাসুম শেখ (৩০) ও তার শ্যালক জাহিদ হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২১ মে দুপুর ২ টায় দিকে জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ের ভেতরে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পুটিমারি বাজার সমিতির সভাপতি ও যুবদল কর্মী মাসুম শেখ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের সদস্য মোঃ পারভেজ (৩৪) মোটরসাইকেলে এসে কার্যালয়ে প্রবেশ করে কথোপকথনের এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাসুমকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম রাউন্ডের গুলিটি তার কোমরের নিচে ডান পাশে বিদ্ধ হয়। পরে দ্বিতীয় রাউন্ড গুলিতে মাসুমের শ্যালক জাহিদ হোসেনের শরীরে বিদ্ধ হয়েছে। তবে খুলনায় একের পর এক গুলি ও কুপিয়ে জখম ও নিহতের ঘটনায় খুলনাবাসী বেশ আতংকিত রয়েছেন। তারা এই সন্ত্রাসী গ্রুপ গুলোর সদস্যদের দ্রুত আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
ওসি আরো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, মাসুম শেখ পুটিমারি বাজার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আশিক গ্রুপ নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারনে বেশ কিছুদিন যাবত সন্ত্রাসী এই বাহিনীর সদস্যরা ওতপেতে ছিল বলে ধারণা করছে স্থানীয়রা।
গুলিবিদ্ধ দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে লবণচড়া থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কয়েকটি টিম অভিযানে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।