ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে সংবাদ সম্মেলন করে কোতোয়ালি থানার ওসির প্রত্যাহার চাইলেন বিএনপি নেতা

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২ মে, ২০২৬ সকাল ৫:০০
ad003
ফরিদপুরে সংবাদ সম্মেলন করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহার চাইলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। 

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জুলফিকার হোসেন ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানকে ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানান।

ওসিকে প্রত্যাহার করা না হলে এ ব্যাপারে আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেতা। 

বিএনপি নেতা ওসিকে প্রত্যাহারের দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, গতকাল বুধবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকাস্থ কার্যালয়ে বহিরাগত কয়েকজন মাদকসেবী তার কর্মী আরিয়ান খান শিহাবকে পিটিয়ে রক্তাক্ত করে।

এ খবর জানার পর জুলফিকার হোসেন ওসিকে ফোন করে তার কার্যালয়ে আসতে বলেন। কিন্তু ওসি আসেননি। পরে তার কর্মীকে পেটানোর সঙ্গে জড়িত আফ্রিদী নামে এক তরুণকে জুলফিকারের সমর্থকরা ধরে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করেন। অথচ ওসি তাকে গ্রেফতার না করে আজ বৃহস্পতিবার দুপুরে ছেড়ে দেন।

এ অভিযোগ করে জুলফিকার হোসেন বলেন, এসব ঘটনার কারণে তিনি নিজেও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

বিএনপি নেতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুল হাসান বলেন, বিএনপি নেতা জুলফিকার হোসেন বা তার কোনো কর্মী থানায় এ ব্যাপারে কোনো অভিযোগ দেননি। তাছাড়া জুলফিকারের কর্মী আরিয়ান খানের সঙ্গে যার এই ঘটনা ঘটেছে, তিনি আগে ঢাকায় নাচ করতেন।

আরিয়ান তার এক নারী সহকর্মীর নগ্ন ভিডিও ধারণ করে গত পাঁচ মাস ধরে ব্ল্যাকমেইল করে আসছিলেন। এ নিয়ে ওই নারী ও আরিয়ানের মধ্যে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে।

তিনি বলেন, থানার ওসির প্রত্যাহার যে কেউ চাইতেই পারেন। সরকার যদি মনে করে আমাকে প্রত্যাহার করবে, সেটা সরকার করবে। এজন্য আমি প্রস্তুত আছি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT