পশ্চিমবঙ্গ, আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার দেবপুর দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি দেবপুর দরবার শরীফ প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুব্ধ জনতা ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা, মসজিদ-মাদরাসায় আক্রমণ এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পরে দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দেবপুর দরবার শরীফের পীর মুফতি আল্লামা নূর মোহাম্মদ আরিফিন। বক্তব্য রাখেন কাজী দীন মোহাম্মদ, মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার সাইফুল ইসলাম ও দেলোয়ার মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর চলমান হামলা, নির্যাতন ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, মুসলিমদের জানমাল ও ধর্মীয় উপাসনালয় নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং এসব ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা উদ্বেগজনক।
বক্তারা অবিলম্বে সহিংসতা বন্ধ, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা এবং নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।