পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইউএনও'র সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুন নাইম, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকদল সভাপতি আনিসুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হোসেন আলী ও উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশীদ।
এ সময় বক্তারা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের অজুখানা, সুপেয় পানি, রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় শামিয়ানা ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সার্বিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। চমৎকার ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজনের ব্যাপারে সবাই একমত পোষণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।