মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা “খ” সার্কেলের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ভূঁঞার তত্ত্বাবধানে কুমিল্লার লাকসামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে আট পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২৩ মে) বিকেলে লাকসাম পৌরসভার গন্ডামাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লা “খ” সার্কেল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লাকসাম থানার গন্ডামারা (খালপাড়) এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. রুবেল (৩৫),উত্তর লাকসাম এলাকার আমির ইসলামের ছেলে মো. মিন্টু (৩০) এবং গন্ডামারা এলাকার বাচ্চু মিয়ার ছেলে ফিরোজ আহমেদ (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় অভিযুক্তরা নিজ দখলে ইয়াবা সেবন করছিলেন। এতে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় তাঁদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় তিনটি পৃথক মামলায় আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।