নেত্রকোণার বারহাট্টায় চায়ের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চালানোর অভিযোগে নুরুজ্জামান (৩৮) নামে এক দোকানিকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় তার দোকান থেকে ১১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৮৮০ টাকা জব্দ করা হয়।
শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দশধার বাজারে অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ। এ সময় বাজারের একটি চায়ের দোকানে তল্লাশি চালিয়ে নুরুজ্জামানকে আটক করা হয়। পরে দোকানের ভেতর থেকে গোপনে রাখা গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
আটক নুরুজ্জামান উপজেলার রায়পুর ইউনিয়নের রারইতাতিয়র গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বাহ্যিকভাবে চায়ের দোকান পরিচালনা করলেও আড়ালে সেখানে চলত গাঁজার বেচাকেনা। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু মাদকসেবীর নিয়মিত আড্ডাকেন্দ্রে পরিণত হয়েছিল দোকানটি। বিষয়টি নজরে আসার পর গোপনে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে পুলিশ।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।